আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মোজতবা মোজতবা খামেনি বলেন, চলমান যুদ্ধে নিহতদের প্রতিশোধ নেওয়া হবে এবং প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ আরও জোরদার করা হবে। বিবৃতিতে একটি স্কুলে হামলায় ১৬৫ জনের বেশি নিহত হওয়ার ঘটনাও উল্লেখ করে প্রতিশোধের অঙ্গীকার করা হয়।
তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছেন, যেন তারা তাদের ভূখণ্ডে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধ করে দেয়।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের “অশুভ সাম্রাজ্য” ঠেকানো তেলের দামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তিনি জানান, ওয়াশিংটন এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। এই প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
রিপোর্টার্স২৪/এসসি