আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে কঠোর বার্তা দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন, শহিদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে।
বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি বলেন, দেশের ওপর হামলা ও চাপের সময় ইরানের সামরিক বাহিনী দেশকে রক্ষা করছে। তিনি সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, সাহসী যোদ্ধারা অসাধারণ ভূমিকা পালন করছেন।
সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভাষণে তিনি ইয়েমেনের হুথি গোষ্ঠী এবং ইরাকের কিছু সশস্ত্র গোষ্ঠীর সমর্থনের কথাও উল্লেখ করেন। খামেনি বলেন, এসব গোষ্ঠী ইরানকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে।
নতুন সর্বোচ্চ নেতা বলেন, সংঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার আর্থিক সহায়তা দেবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে এবং যাদের সম্পদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
ভাষণে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের ওপর চাপ সৃষ্টি করা শক্তিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রাখার নীতিও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
খামেনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি বন্ধ করে দিতে হবে। অন্যথায় সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেন তিনি।
উল্লেখ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, এসব হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা।
রিপোর্টার্স২৪/এসসি