আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব ক্রমেই উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ড্রোন হামলায় ওমানের সোহর প্রদেশে দুই বিদেশি নাগরিক নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
শুক্রবার সকালে দুটি ড্রোন সোহরের আল-আওয়াহি শিল্প এলাকাকে লক্ষ্য করে হামলা চালায়। এর মধ্যে একটি ড্রোন শিল্প এলাকায় আঘাত হানে, এতে দুইজন নিহত ও কয়েকজন আহত হন। অন্য ড্রোনটি খোলা স্থানে পড়ে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
এর আগে বুধবার ওমানের সালালাহ বন্দরের তেল সংরক্ষণাগারে ড্রোন হামলার ঘটনাও ঘটে। তবে ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলার পরও তেল ও জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটেনি।
অন্যদিকে সৌদি আরবের রাজধানী রিযেেদের কূটনৈতিক এলাকাকে লক্ষ্য করে আসা একটি ড্রোন প্রতিহত করেছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর আশপাশ ও দেশের মধ্য ও পূর্বাঞ্চলে একাধিক ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইজরায়েল ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করার পর থেকে অঞ্চলজুড়ে উত্তেজনা বেড়েছে। ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি