আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট (এমইইউ) মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এ বিষয়ে অবগত তিনজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তথ্যটি নিশ্চিত করেছেন।
সামরিক সূত্র জানায়, দ্রুত প্রতিক্রিয়াশীল এই ইউনিটটিতে সাধারণত প্রায় ২,৫০০ মেরিন ও নৌসেনা সদস্য থাকে। তবে ইউনিটটি ঠিক কোন মিশনে অংশ নেবে বা মধ্যপ্রাচ্যের কোন এলাকায় মোতায়েন করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সামরিক ইতিহাস অনুযায়ী, মেরিন এক্সপেডিশনারি ইউনিটগুলো সাধারণত জরুরি পরিস্থিতিতে বড় আকারের উচ্ছেদ অভিযান (ইভাকুয়েশন) ও উভচর অভিযানে অংশ নেয়। উভচর অভিযানে জাহাজ থেকে উপকূলে সেনা, যানবাহন ও রসদ স্থানান্তরের পাশাপাশি শত্রুপক্ষের অবস্থানে আচমকা হামলা বা সরাসরি আক্রমণের মতো অভিযানও অন্তর্ভুক্ত থাকতে পারে।
এমইইউ একটি স্বয়ংসম্পূর্ণ যুদ্ধ ইউনিট হিসেবে পরিচিত। এতে নিজস্ব স্থল যুদ্ধ বাহিনী (গ্রাউন্ড কমব্যাট এলিমেন্ট) এবং বিমান যুদ্ধ বাহিনী (এভিয়েশন কমব্যাট এলিমেন্ট) থাকে, যা দ্রুত ও সমন্বিতভাবে অভিযান পরিচালনায় সক্ষম। এছাড়া ইউনিটটির কিছু সদস্য বিশেষ অভিযানের জন্য প্রশিক্ষিত, ফলে জটিল ও উচ্চ ঝুঁকিপূর্ণ সামরিক মিশন পরিচালনাও তাদের পক্ষে সম্ভব।
এদিকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে স্থল সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে এমন সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা হয়নি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই মেরিন ইউনিট মোতায়েনের খবর প্রকাশ করে।