সিনিয়র রিপোর্টার : এবার ঈদুল আজহায় এবার ১০ দিনের লম্বা ছুটি। এখনো রাজধানীর সড়কে ঈদের আমেজ কাটেনি। রাজধানী ঢাকার সব রাস্তাই ফাঁকা। নেই চিরচেনা যানজটের চিত্র। সড়কে যানবাহনও কম। গণপরিবহনে যাত্রীও কম। এদিকে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা শুরু হয়েছে অল্প পরিসরে। তবে যাত্রাবাড়ি ও সায়েদাবাদে ঢাকা মুখী মানুষের চাপ বেড়েছে। বৃহস্পতিবার ঈদের ৬ষ্ঠ দিন রাজধানীর গুলশান, বনানী, ভাটারা, বাড্ডা ও তেজগাঁওসহ বিভিন্ন সড়কে ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, ঈদের ষষ্ঠ দিনেও অনেকটা ফাঁকা ঢাকার সড়ক। প্রয়োজনের তাগিদে যারা বের হচ্ছেন, তারা স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন। তবে গণপরিবহন কম থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। রোদের মধ্যে বাসের অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। আবার রিকশা, বাইক ও সিএনজি চালকরা বাড়তি ভাড়া যাচ্ছে। এছাড়া সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতিও কম দেখা গেছে।
এদিকে মহাসড়কেও যানজট নেই। স্বস্তিতে রাজধানীতে ফিরছেন মানুষ।
যাত্রীরা বলছেন, সড়কে গণপরিবহন কম। তবে গাড়িতে উঠতে পারলে দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে পারছেন। স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে ১ ঘণ্টা লাগতো, সেখানে যেতে এখন ২০ থেকে ৩০ মিনিট লাগছে। যানজটে পড়ে থাকতে হচ্ছে না। ঈদের ছুটি শেষ হলেই সড়কে সেই চিরচেনা যানজট দেখা যাবে।
সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, ঈদের ছুটির পর থেকে সড়কে যানবাহন কম। ব্যক্তিগত গাড়িও কম। গরমের কারণে মানুষ বের হচ্ছে কম। আগামী রোববার থেকে আবারও চাপ বাড়তে পারে।