আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান যুদ্ধ ১৭তম দিনে গড়িয়েছে। সোমবার নতুন করে ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে উপসাগরীয় অঞ্চলেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ড্রোন হামলায় আগুন লাগার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর–এর প্রতিবেদনে বলা হয়েছে, পরে দুবাইভিত্তিক এয়ারলাইন এমিরেটস সীমিত পরিসরে ফ্লাইট চালু করলেও দিনের বেশ কয়েকটি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইরানে নতুন হামলা
ইসরায়েল জানিয়েছে, তারা তেহরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এর পর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি ইরানের ত্রাণ সংস্থা ইরানী রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় তাদের একটি ক্লিনিক ও ত্রাণকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধবিরতি ও আলোচনায় আগ্রহী। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, আমরা কখনো যুদ্ধবিরতি বা আলোচনার অনুরোধ করিনি। যতদিন প্রয়োজন হবে, ততদিন আমরা নিজেদের রক্ষা করব।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস-এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নৈনী দাবি করেছেন, তাদের অধিকাংশ অস্ত্রভাণ্ডার এখনো অক্ষত রয়েছে এবং বর্তমান যুদ্ধে ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলো পুরোনো।
ইরানি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরান ইন্টারন্যাশনাল নামের একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের সঙ্গে কাজ করছিল।রোববার পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৪৪ জনে। আহত হয়েছেন ১৮ হাজার ৫৫১ জন।
উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা
ড্রোন হামলার ঘটনায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগে। কর্তৃপক্ষ জানায়, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়।
এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহর একটি শিল্প এলাকায় ড্রোন হামলায় আগুন লাগে। আর রাজধানী আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি গাড়িতে থাকা এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।
সৌদি আরব জানিয়েছে, সোমবার পূর্বাঞ্চলে তারা ৩৭টি ড্রোন ভূপাতিত করেছে। একই ধরনের ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে বাহরাইন, কুয়েত ও কাতার।।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ফোনালাপে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়ে একমত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের দাবি
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের ড্রোন কারখানাগুলোতে হামলা চালাচ্ছে এবং এতে দেশটির সামরিক সক্ষমতা অনেকটাই ধ্বংস হয়ে গেছে।সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি আরও অভিযোগ করেন, ইরান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে যুদ্ধের অগ্রগতি সম্পর্কে ভুয়া তথ্য ছড়াচ্ছে।
ইসরায়েল ও প্রতিবেশী অঞ্চলের পরিস্থিতি
ইসরায়েলের মধ্যাঞ্চলে সোমবার ভোরে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে সতর্কতা সাইরেন বেজে ওঠে। তবে ক্ষেপণাস্ত্রটি খোলা জায়গায় পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যদিকে ইসরায়েল নতুন করে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে এবং সেখানে হিজবুল্লাহর অবস্থানের বিরুদ্ধে সীমিত স্থল অভিযান শুরু করার কথা জানিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৮৫০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে শতাধিক শিশু রয়েছে।
ইরাকে ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী জনপ্রিয় আন্দোলন বাহিনীর একটি ঘাঁটিতে বিমান হামলার খবর পাওয়া গেছে। এতে তিনজন আহত হয়েছেন।
এছাড়া বাগদাদে অবস্থিত জনপ্রিয় আন্দোলন বাহিনী– এবং বালাদ বিমানঘাঁটির কাছে ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী।
লেবাননে শান্তিরক্ষী বাহিনী লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী জানিয়েছে, রোববার তাদের তিনটি টহলদলের ওপর অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী গুলি চালিয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি