বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরেই বড়পর্দায় অভিনয় ও নাচের মাধ্যমে দর্শকদের মন জয় করে আসছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। খুব অল্প বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করা এই তারকা পরবর্তীতে নায়িকা হিসেবে একের পর এক সফল সিনেমা উপহার দিয়েছেন। মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার কাজেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।
প্রথাগত নৃত্যের বিশেষ প্রশিক্ষণ না থাকলেও তার নাচ বহুবার দর্শকদের মুগ্ধ করেছে। সম্প্রতি আবারও একটি আইটেম গানে পারফর্ম করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ আবার প্রলয় ২-এর ‘কলকাতার রসগোল্লা’ গানে দেখা গেছে তাকে। এর আগে সিনেমা ফান্দে পড়িয়া বগা কান্দে রে-এর জনপ্রিয় ‘কোকাকোলা’ গানেও তার পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছিল।
নায়িকা হিসেবে সফল ক্যারিয়ার থাকা সত্ত্বেও কেন তাকে বারবার আইটেম গানে দেখা যায় এই প্রশ্নের জবাবও দিয়েছেন শ্রাবন্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেন নয়? আমি মূলধারার বাণিজ্যিক ছবির একজন অভিনেত্রী। আইটেম ডান্স নম্বরে পারফর্ম করতে আমার দারুণ লাগে। এতে নানা ধরনের অভিব্যক্তি দেখানোর সুযোগ থাকে, অন্যরকম সাজে ক্যামেরার সামনে দাঁড়ানো যায়।
তবে আইটেম গানে নাচার পেছনে বিশেষ কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি। তার মতে, একজন অভিনেতা বা অভিনেত্রীর সব ধরনের পারফরম্যান্স করার সক্ষমতা থাকা উচিত। তাই বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে পারফর্ম করতেও তার কোনো আপত্তি নেই।
কাজের ক্ষেত্রেও শিগগিরই ভিন্ন এক রূপে দেখা যাবে এই অভিনেত্রীকে। আসন্ন সিরিজ ঠাকুমার ঝুলি-তে তিনি অভিনয় করছেন ‘গিরিজাবালা দেবী’ নামের এক বৃদ্ধার চরিত্রে। বিষ্ণুপুরের এই নারী জীবনের নানা দুঃখ-কষ্ট পেরিয়ে বুদ্ধি ও বিচক্ষণতার মাধ্যমে একটি রহস্যময় হত্যাকাণ্ডের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এমনই গল্পে গড়ে উঠেছে সিরিজটির কাহিনি।
রিপোর্টার্স২৪/ ঝুম