ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাকশিমুল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাকশিমুল গ্রামের নূর আলম ও আবদুর রউফের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের সূত্র ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা প্রায় এক ঘণ্টাব্যাপী চলে।
সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। তাদের মধ্যে অনেককে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) তপন সরকার জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে।
রিপোর্টার্স২৪/আরএইচ