ময়মিনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ শহরে একটি বাসার ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম উম্মে হাবিবা রিজু। তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রিজু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তার স্বামী মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তারা ময়মনসিংহ শহরের ওই বাসায় ভাড়া থাকতেন।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল। তিনি বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টার্স২৪/আরকে