আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল দাবি করেছে, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইরান।
মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সাম্প্রতিক হামলায় লারিজানিকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ওই অভিযানে ইরানের বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলেইমানিও নিহত হয়েছেন।
তবে তেহরান থেকে এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, ফলে ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
লাইভ আপডেটে আরও বলা হয়, লারিজানির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একটি হাতে লেখা বার্তা প্রকাশ করা হয়েছে, যেখানে সাম্প্রতিক এক মার্কিন হামলায় নিহত ইরানি নৌসেনাদের স্মরণ করা হয়েছে। এতে তার মৃত্যুর দাবি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
এর আগে গত শুক্রবার তেহরানে ‘আল-কুদস দিবস’ র্যালিতে অংশ নিতে দেখা যায় লারিজানিকে। সে সময় তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেন, ইরানের ওপর হামলা “দুর্বলতা ও ভয়ের বহিঃপ্রকাশ”।
এদিকে ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের ‘কৌশলগত অবকাঠামো’ ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে হামলা অব্যাহত রাখবে। পাশাপাশি লেবাননের বৈরুতেও একাধিক এলাকায় বিমান হামলা চালানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে, যেখানে শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলার ঘটনা নতুন মাত্রা যোগ করছে।
রিপোর্টার্স২৪/এসসি