চট্টগ্রাম প্রতিনিধি: ঈদের ছুটির আগের দিন বকেয়া বেতন পরিশোধ না করে মালিক কারখানায় তালা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। নগরীর অলঙ্কার মোড় এলাকায় ‘জায় ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) থেকে কারখানাটিতে ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল। শেষ কর্মদিবসে কাজে এসে শ্রমিকরা দেখতে পান কারখানার মূল ফটকে তালা ঝুলছে এবং মালিক বা কোনো কর্মকর্তার উপস্থিতি নেই। এতে ক্ষুব্ধ হয়ে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। ঈদের আগে সব পাওনা পরিশোধের আশ্বাস থাকলেও কোনো ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং বকেয়া না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান নেন।
শিল্প পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, কারখানাটিতে প্রায় ১০০ শ্রমিক কর্মরত। অতীতেও বেতন-ভাতা নিয়ে সমস্যা ছিল। মালিক জামাল হোসেন কারখানায় তালা দিয়ে পালিয়েছেন এবং তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি সামাল দিতে সংশ্লিষ্ট ক্রেতা (বায়ার) প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের প্রায় ৫০ শতাংশ বেতন পরিশোধের ব্যবস্থা করা হয়েছে। বাকি অর্থ ঈদের পর দেওয়া হবে বলে জানানো হয়েছে, যা শ্রমিকরা আপাতত মেনে নিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি