স্টাফ রিপোর্টার: অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।
মঙ্গলবার (১৭ মার্চ) স্থানীয় সময় বিকেলে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারের ‘এমওই৩’ (MOE3) কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের কৌশলগত সংস্কার, আধুনিকায়ন, মানবাধিকার সুরক্ষা এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করতে যুক্তরাজ্যের কারিগরি ও প্রশিক্ষণ সহায়তা প্রয়োজন। তিনি ব্রিটিশ পুলিশের পেশাদারিত্ব ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে এ ক্ষেত্রে সহযোগিতা জোরদারের আহ্বান জানান।
একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সরকার দেশে সুশাসন ও গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি নিরাপত্তা সংস্কার, অভিবাসন ব্যবস্থাপনা ও অপরাধ বিচার খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ২০২৬ সালের জাতীয় নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষা ও গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সমর্থনের জন্য লর্ড হ্যানসনকে ধন্যবাদ জানান তিনি।
জবাবে লর্ড হ্যানসন বাংলাদেশের নিরাপত্তা খাতের সংস্কার পরিকল্পনা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দেশের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি এসব ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
রিপোর্টার্স২৪/বাবি