লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন সাংবাদিক ও শীর্ষ সংবাদ-এর সম্পাদক নজরুল ইসলাম জয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় দুই হাজার ৫শ’ অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে তিনি খাদ্যসামগ্রী, নতুন শাড়ি, লুঙ্গি ও থ্রি-পিস বিতরণ করেছেন।
রাজধানীর মালিবাগ ও মৌচাক এবং লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন স্থানে ১,৫০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী এবং ৫০০ অসহায় নারী-পুরুষের মাঝে নতুন পোশাক পৌঁছে দিয়েছেন। এছাড়া শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীর জন্যও নতুন ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।
করোনাকালে বৃষ্টিতে ভিজে কাজ করা রিকশা ও ভ্যানচালকদের জন্য রেইনকোট, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। গভীর রাতে অসহায়দের ঘরে পৌঁছে খাবার ও ওষুধ দেওয়া, দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের জন্য কোরআন ও নতুন পোশাক বিতরণ এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ নজরুল ইসলাম জয়ের মানবিকতার পরিচয়।
বুধবার (১৮ মার্চ) একযোগে চাঁদপুর জেলার ষাটনল ও ভৈরবী, রায়পুর উপজেলার চর আবাবিল ও চর মোহনা, মোল্লারহাট সুইজগেট, মজুচৌধুরীরহাট সুইচগেট এবং নোয়াখালীর হাতিয়া চেয়ারম্যানঘাট এলাকার জেলে পল্লি ও ছিন্নমূল মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ঢাকার মৌচাক মারুফ মার্কেট এলাকায় এক হাজার রোজাদার, রিকশাচালক ও পথশিশুর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
নিজের ব্যবসায়িক লভ্যাংশের একটি অংশ নিয়মিত মানবসেবায় ব্যয় করা নজরুল ইসলাম জয় বলেন, ঈদের আনন্দ একা নয়, সবার সঙ্গে ভাগাভাগি করাতেই প্রকৃত তৃপ্তি।
নজরুল ইসলাম জয়ের সম্পাদনায় শীর্ষ সংবাদ ডটকম ২০১৫ সালে যাত্রা শুরু করে এবং ২০২২ সালে সরকারি নিবন্ধন লাভ করে।
রিপোর্টার্স২৪/মিতু