ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ-অভিযানে অংশ নিতে পারে সংযুক্ত আরব আমিরাত। বিষয়টি নিশ্চিত করেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ।
মঙ্গলবার (১৭ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর আয়োজিত এক অনলাইন আলোচনায় গারগাশ বলেন, বাণিজ্য ও জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা সবার দায়িত্ব। তিনি জানান, এখনো কোনো আনুষ্ঠানিক পরিকল্পনায় চূড়ান্ত সম্মতি হয়নি, তবে এ বিষয়ে আলোচনা চলছেই।
গারগাশ আরও বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শেষে এমন একটি কাঠামো প্রয়োজন হবে, যাতে তেহরান তার পারমাণবিক, ক্ষেপণাস্ত্র বা ড্রোন কর্মসূচির মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে।
এর আগে সোমবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে হরমুজ প্রণালি সচল রাখার বিষয়ে কথা বলেছেন। ট্রাম্প ফরাসি প্রেসিডেন্টের অবস্থানকে ‘১০-এর মধ্যে ৮’ হিসেবে মূল্যায়ন করেন।
একই সঙ্গে হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ মোতায়েনের মাধ্যমে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
রিপোর্টার্স২৪/ধ্রুব