রিপোর্টার্স২৪ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদদের মতে, উপমহাদেশজুড়ে একটি বিস্তৃত বৃষ্টিবলয় সক্রিয় থাকায় এর প্রভাব বাংলাদেশেও পড়ছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (২০ মার্চ) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে এবং এর ধারাবাহিকতা শনিবারও থাকতে পারে। শুক্রবার দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার সকালে কিছুটা থামলেও বিকেলের দিকে আবারও বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, শুক্রবারের তুলনায় শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দিনভর বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার বেলা ১১টার পর রাজধানীতে প্রবল বৃষ্টি শুরু হয়, যা ধীরে ধীরে কমে আসে। রাত ১০টার দিকেও আকাশ ছিল আংশিক মেঘলা। এদিন রাজধানীতে মোট ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের মধ্যে সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে মাদারীপুরে। এছাড়া প্রায় সব বিভাগেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে।
এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছিল, শনিবার চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে তুলনামূলক কম বৃষ্টি হতে পারে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকাসহ এসব অঞ্চলও বৃষ্টির আওতায় আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
রিপোর্টার্স২৪/ঝুম