কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বোতলের ক্যাপ ছুঁড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ অন্তত ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। রবিবার (২২ মার্চ) বিকালে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন কয়া ইউনিয়নের রাধাগ্রামের মো. রাব্বি, মো. ওবাইদুল্লাহ, জনি শেখ, বেড় কালোয়া গ্রামের শারুফ শেখ, জাহাঙ্গীর আলম, মো. শফিউদ্দিন (৬৫) ও ওবাদুল্লাহ শেখ (৫৫)। তাদের মধ্যে রাব্বি, জনি ও শারুফকে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।সেখানে প্রাথমমিক চিকিৎসা শেষে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় সম্পৃক্ত আলম শেখ অভিযোগ করেন, সকালে প্রতিপক্ষের রতন একজনের মাথায় বোতলের ক্যাপ ছুড়ে মারলে হালকা-পাতলা মারামারি হয়। সেই ঘটনার জেরে বিকেলে অতর্কিত হামলা করে তারা। এতে আমাদের সাতজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন।
আহত জনি শেখ বলেন, বিকেল সাড়ে ৫ টার তারা ১০ থেকে ১২ জন আড্ডা দিচ্ছিলাম। তখন জেলেপাড়ার ইয়ারুল, নাসির, সোহেলসহ অনেকে হামলা চালায়। এতে আমিসহ অন্তত ৭ জন গুলিবিদ্ধ ও আহত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন।
প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে কি ধরনের গুলি তা বলা যাবে।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, পূর্বশত্রুতার জেরে হামলা ও গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/এসসি