ঝিনাইদহ প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান বলেন, ‘শৈলকুপার শিক্ষাব্যবস্থাসহ শিল্প- সংস্কৃতির সার্বিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। কীর্তিমান শিক্ষকদের আদর্শ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।’
রবিবার (২২ মার্চ) সকালে শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিতেএক স্মরণসভায় এ কথা বলেন তিনি।
শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত এবং প্রয়াত ৬ জন শিক্ষক (অধ্যাপক আলিম উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দীন, অধ্যাপক মসহাব উদ্দিন, অধ্যাপক লক্ষ্মীকান্ত দাস, অধ্যাপক মুন্সি আব্দুল ওয়াদুদ ও অধ্যাপক সদর উদ্দীন শিকদার)এর মৃত্যুতে শোক ও স্মরণসভা এবং স্মরণিকা ‘কীর্তিমান’এর প্রকাশনা অনুষ্ঠানটির আয়োজন করে শৈলকুপা নাগরিক কমিটি।
এই কমিটির আহবায়ক অ্যাড. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব ফিরোজ খাননুনের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী। তিনি এই কলেজের প্রাক্তন শিক্ষার্থী। মন্ত্রী তার বক্তব্যে নিজ শিক্ষা প্রতিষ্ঠান শৈলকুপা কলেজের প্রয়াত শিক্ষকদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, শৈলকুপা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিধান চন্দ্র বিশ্বাস, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান, শৈলকুপা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মজিদ, আবেদ আলী, সদর উদ্দীন, বিমল সাহা প্রমুখ।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন সাবেক অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান, জাতীয় বার্ন ইনস্টিটিউট’র পরিচালক প্রফেসর ডা. মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক জেলা ও দায়রা জজ মুন্সি রফিউল আলম, সাবেক অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন, যুগ্মসচিব গিয়াস উদ্দীন, ডা. রেজাউল ইসলাম, বিএনপি নেতা এটিএম শহিদুল ইসলাম বাবু, মিজানুর রহমান বাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জলিল জোয়ার্দার, প্রভাষক হাবিবুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রয়াত শিক্ষকদের পরিবারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং শিক্ষকদের স্মরণে আলমগীর অরণ্য সম্পাদিত স্মরণিকা ‘কীর্তিমান’র মোড়ক উন্মোচন করা হয়।
রিপোর্টার্স২৪/ধ্রুব