ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লা গার্ডিয়া বিমানবন্দর-এ চলতি রাতে একটি বিপজ্জনক ঘটনা ঘটেছে। এয়ার কানাডার একটি বিমান রানওয়েতে অবস্থানরত একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের শিকার হয়। স্থানীয় সময় রোববার রাত ১১টা ৩৮ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ধারণা করা হচ্ছে নিউইয়র্ক বন্দর কর্তৃপক্ষের একটি গাড়ির সঙ্গে বিমানটির সংঘর্ষ ঘটেছে। তবে এ ঘটনায় কতজন আহত বা প্রাণহানি হয়েছে, তা প্রাথমিকভাবে স্পষ্ট হয়নি। তবে সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, চারজন আহত হয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটিতে ছিল ৭৬ জন যাত্রী এবং চারজন ক্রু। বিমানবন্দরের চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড জানিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছে এবং বিস্তারিত তদন্ত শুরু করেছে। সংস্থাটি এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করেনি।
বিমানবন্দরটি নিউইয়র্কের কুইন্স এলাকার পূর্ব এলহার্স্টে অবস্থিত। রানওয়ে দুর্ঘটনার কারণে কিছু ফ্লাইটের সময়সূচি বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে যাত্রীদের নিরাপত্তা এবং বিমান চলাচলের প্রভাব মূল্যায়ন করা হচ্ছে।
সূত্র: এনবিসি নিউজ
রিপোর্টার্স২৪/ঝুম