রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকার চকবাজারের পোস্তা এলাকায় রোববার (২২ মার্চ) রাতে এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত শিক্ষার্থীর নাম ফারহান রহমান জিহাদ। তিনি ১৭ বছর বয়সী এবং ইসলামপুর মডেল স্কুলের ছাত্র ছিলেন। জিহাদ চাঁদপুরের হাইমচর উপজেলার ফজলুর রহমানের ছেলে। তার পরিবার চকবাজারের ওই বাসার চতুর্থ তলায় বসবাস করতেন।
পরিবারের সদস্যদের বর্ণনা অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে জিহাদ নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করেন। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
দ্রুত স্থানীয় হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যাওয়া হয়। রাত ৯টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই ফাইম রহমান জানিয়েছেন, কেন তার ছোট ভাই এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন তা তাদের বোঝা যায়নি। পরিবার দাবি করেছে, ঘটনার আগে জিহাদের আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি এবং কারো সঙ্গে কোনো মনোমালিন্যও ছিল না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখার জন্য চকবাজার থানা পুলিশকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম