স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম। দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, ভালো পারফরম্যান্স দেখাতে পারলে যে কোনো খেলোয়াড়ের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা থাকবে।
সোমবার (২৩ মার্চ) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
দীর্ঘ ২২ বছর ঘরোয়া ক্রিকেট খেলার পর এবার নতুন ভূমিকায় কাজ শুরু করেছেন নাঈম ইসলাম। তিনি বলেন, ক্রিকেটার হিসেবে মাঠে না নামলেও ক্রিকেটের সঙ্গেই যুক্ত থাকতে পারছেন—এটাই তার জন্য সবচেয়ে বড় স্বস্তির বিষয়।
নাঈম ইসলাম জানান, অবসরের পর তার মূল পরিকল্পনা ছিল কোচিং করানো। তবে কোচিংয়ের জন্য প্রয়োজনীয় ‘লেভেল থ্রি’ কোর্স এখনও সম্পন্ন না করায় আপাতত নির্বাচক প্যানেলে কাজ শুরু করেছেন। পাশাপাশি ভবিষ্যতে কোচিং ক্যারিয়ার গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করার কথাও জানান তিনি।
নির্বাচক প্যানেলের সমালোচনা নিয়ে তিনি বলেন, যেকোনো দায়িত্বশীল কাজেই সমালোচনা থাকবে। তবে সঠিক সিদ্ধান্ত ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকলে সমালোচনাকে চাপ হিসেবে দেখেন না তিনি। বিশেষ করে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার প্রভাব থাকায় নির্বাচকদের আরও স্বচ্ছতা বজায় রাখতে হবে বলে মনে করেন তিনি।
নতুন দায়িত্বে প্রধান লক্ষ্য হিসেবে নাঈম ইসলাম জানিয়েছেন, আগামী ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে একটি শক্তিশালী দল গঠন করাই তাদের মূল লক্ষ্য। এজন্য বয়সভিত্তিক দল ও ডেভেলপমেন্ট পর্যায় থেকেই পরিকল্পিতভাবে খেলোয়াড় তৈরি করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
খেলোয়াড়দের উদ্দেশ্যে তিনি বলেন, “পারফরম্যান্সের কোনো বিকল্প নেই। যারা নিয়মিত ভালো খেলবে, তাদের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা থাকবে। তবে দল গঠনের ক্ষেত্রে টিম কম্বিনেশনও গুরুত্বপূর্ণ বিষয়।”
সামনের নিউজিল্যান্ড সিরিজকে প্রথম বড় দায়িত্ব হিসেবে দেখছেন নাঈম ইসলাম। তবে নতুন দায়িত্বে তিনি কোনো বাড়তি চাপ অনুভব করছেন না বলেও জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/ধ্রুব