এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে ‘রক্তদান’ করে মঙ্গল কামনা করেছিলেন বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত। নিজের সংসদীয় এলাকায় তার মঙ্গল কামনায় হোমযজ্ঞের আয়োজনও করেছিলেন। এবার নিজের ৪০ তম জন্মদিনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলেন অভিনেত্রী। ২৩ মার্চ চল্লিশের কোঠায় পা রাখলেন কঙ্গনা।
এক ‘আম’ হিমাচলীকন্যার ভায়া বলিউড হয়ে রাজনীতির ময়দানে অবতরণের সফর মোটেই সহজ ছিল না। সিনেমা দুনিয়ায় যেমন বিতর্কে জড়িয়েছেন, রাজনীতিতে যোগ দেওয়ার পর বেফাঁস মন্তব্যের জেরে এখানেও পদে পদে বিতর্ক সঙ্গী হয়েছে কঙ্গনার। তবুও দমে যাননি। বলিউডে কোণঠাসা হলেও রাজনৈতিক আঙিনায় নিজের দাপট বজায় রেখেছেন ‘এমার্জেন্সি’ নায়িকা।
এবার ৪০ বছরের জন্মদিন সার্থক করতে পৌঁছে গেলেন দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে। সেখানে নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ-আলোচনা এবং উপহার বিনিময়ের মাধ্যমেই এই বিশেষ দিনটি উদযাপন করলেন তিনি।
কেমন কাটল? সেসব ক্যামেরাবন্দি মুহূর্তই সামাজিকমাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী। সোমবার জন্মদিনে পুরো পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রীর দিল্লির বাসভবনে গিয়েছিলেন কঙ্গনা।
যেখানে অভিনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার মা-বাবা, ভাইবোন, বউদিসহ ভাইপোও। আর হিমাচল থেকে যখন দিল্লি গিয়েছেন, তখন হিমাচলের উপহার নিয়ে যাওয়া মাস্ট! কারণ কঙ্গনা বরাবরই বহির্বিশ্বের কাছে নিজস্ব আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরেছেন।
কঙ্গনার শেয়ার করা ছবিতে দেখা গেল, প্রধানমন্ত্রীর জন্য হিমাচলের শালসহ আরেকটি বিশেষ উপহার নিয়ে হাজির হয়েছেন তিনি। ‘বিষ্ণু দশাবতার’ আঁকা একটি দেওয়ালচিত্রও উপহার দেন মোদিকে।
জন্মদিন উপলক্ষে নরেন্দ্র মোদির কাছ থেকে কী উপহার পেলেন? দেখা গেল, কঙ্গনাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানাচ্ছেন প্রধানমন্ত্রী।
এমন সাক্ষাতের মুহূর্ত সামাজিকমাধ্যমে শেয়ার করে অভিনেত্রীর মন্তব্য, ‘গোটা পরিবারকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত এবং সময় কাটানোর সুযোগ পেলাম। আমার জন্য এক স্মরণীয় জন্মদিন।’
রিপোর্টার্স২৪/ধ্রুব