স্পোর্টস ডেস্ক: পাকিস্তান আজ পয়েন্ট হারালেই এক ম্যাচ হাতে রেখেই সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত বাংলাদেশের। শেষ পর্যন্ত পাকিস্তান হেরেছে ভারতের কাছে ৩-০ গোলে। এই জয়ের সুবাদে ‘বি’ গ্রুপ থেকে একসঙ্গে সেমিফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ ও ভারত। বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে।
মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ম্যাচে ভারতের যুবারা পাকিস্তানকে উড়িয়ে দেয় ৩-০ গোলে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ২-০ গোলে হেরেছিল পাকিস্তান। দুই ম্যাচে কোনো পয়েন্ট না পেয়েই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল তারা।
অন্যদিকে বাংলাদেশ ও ভারত—দুই দলেরই পয়েন্ট ৩। আগামী শনিবার মুখোমুখি হবে তারা। সেই ম্যাচেই নির্ধারণ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন।
সাত দলের এই টুর্নামেন্টে দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট চার দল সেমিফাইনালে উঠবে। এখন পর্যন্ত বাংলাদেশ, ভারত ও ‘এ’ গ্রুপ থেকে নেপাল সেমিফাইনাল নিশ্চিত করেছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল।
রিপোর্টার্স২৪/বাবি