ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি আরবে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় অন্তত ১২ মার্কিন সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলায় জানায় মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল।শুক্রবার (২৭ মার্চ) চালানো এ হামলায় মার্কিন বাহিনীর কয়েকটি আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হয়েছিল।
এই হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।এদিকে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে।একই সময়ে সংযুক্ত আরব আমিরাতও তাদের আকাশসীমায় আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আকাশে শোনা বিস্ফোরণের শব্দ মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ফল।অন্যদিকে বাহরাইনেও ইরানি হামলার খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সমন্বিত যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে আহত মার্কিন সেনাসদস্যের মোট সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে।মার্কিন সামরিক বাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী, আগে আহত হওয়া সেনাদের মধ্যে ২৭৩ জন ইতোমধ্যে সুস্থ হয়ে পুনরায় কর্মস্থলে যোগদান করেছেন। তবে চলমান এই চার সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রিপোর্টার্স২৪/এন এইচ