রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিয়ে আগের কঠোর অবস্থান থেকে সরে এসে নমনীয় হয়েছে সরকার। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন স্পষ্টভাবে জানিয়েছেন, দেশে আইপিএল সম্প্রচারে এখন আর কোনো বাধা নেই এবং এ বিষয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে।
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আইপিএল সম্প্রচার নিয়ে আমাদের কাছে এখনো কেউ আনুষ্ঠানিকভাবে আবেদন করেনি। তবে কেউ আবেদন করলে আমরা সেটি ইতিবাচকভাবে বিবেচনা করব। খেলাধুলাকে রাজনীতির সঙ্গে জড়াতে চাই না।
তিনি আরও জানান, স্টার স্পোর্টস-এর মতো আন্তর্জাতিক চ্যানেলের মাধ্যমে আইপিএল সম্প্রচার হলে সরকার সেক্ষেত্রে কোনো বাধা দেবে না। “যদি সম্প্রচার হয়, মানুষ দেখবে এতে আমাদের আপত্তি নেই, যোগ করেন তথ্যমন্ত্রী।
এদিকে, ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু জানিয়েছেন, আগের সরকারের দেওয়া নিষেধাজ্ঞার এখন আর কোনো কার্যকারিতা নেই। তার ভাষায়, স্টার স্পোর্টসে আইপিএল দেখা গেলে সেটা চলবে। আমাদের কেউ এটি বন্ধ রাখতে বলেনি।
অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও খেলাধুলাকে রাজনৈতিক দ্বন্দ্বের বাইরে রাখার পক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তবে আইপিএল সম্প্রচার অনিশ্চিত মনে করে ইতোমধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর সম্প্রচারস্বত্ব কেনা হয়েছে, ফলে নতুন করে সিদ্ধান্ত নেওয়া এখন জটিল হতে পারে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষোভ তৈরি হলে তৎকালীন সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে দেয়। তখন তথ্য মন্ত্রণালয় জানায়, ওই সিদ্ধান্তে দেশের জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে।
পরে একই ধরনের নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও বাংলাদেশ দল সরে দাঁড়ায়, যা দুই দেশের ক্রীড়া সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করে।
বর্তমানে সরকারের অবস্থান পরিবর্তনের ফলে আবারও বাংলাদেশে আইপিএল সম্প্রচারের পথ খুলে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টার্স২৪/ঝুম