স্টাফ রিপোর্টার: ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক তরুণীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ ।
শুক্রবার (২৮ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘জয় বাংলা’ স্লোগানকে যদি অপরাধ হিসেবে গণ্য করা হয়, তবে ন্যায্যভাবে দেশকে ‘পাকিস্তান জিন্দাবাদ’-এর যুগে ফিরে যেতে হবে।
স্ট্যাটাসে তিনি প্রশ্ন তোলেন, শুধু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে পুলিশ কীভাবে একজন তরুণী ও শিশুদের গ্রেপ্তার করতে পারে?
তিনি বলেন, ‘জয় বাংলা’ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান স্লোগান এবং এটি দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। এ ধরনের গ্রেপ্তার মতপ্রকাশের স্বাধীনতা ও দেশের ঐতিহাসিক চেতনার প্রতি অঙ্গীকার নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।
মোহসিন রশীদ আরও লেখেন, যদি ‘জয় বাংলা’কে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে আমাদের হয় ‘পাকিস্তান জিন্দাবাদ’-এ ফিরে যেতে হবে, অথবা রাষ্ট্রসত্তা ছেড়ে ‘জয় হিন্দ’ গ্রহণ করতে হবে।
তিনি সংশ্লিষ্ট গ্রেপ্তারের বিষয়ে সরকারের ব্যাখ্যা চেয়ে বলেন, সরকার কি এই ঘটনার ব্যাখ্যা দেবে, নাকি ক্ষমা চেয়ে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি দেবে?
স্ট্যাটাসের শেষাংশে তিনি উল্লেখ করেন, ইতিহাস মুছে ফেলা যায় না।
রিপোর্টার্স২৪/এসসি