নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় চাচীর বাবার বাড়িতে ঈদে বেড়াতে এসে মিনি কক্সবাজার খ্যাত মধুমতি নদীর চরে গোসলে নেমে তাসমিয়া (১১) নামে এক শিশু নিখোঁজের দুইদিন পর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর মধুমতি নদীর তীর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তাসমিয়া যশোর জেলার সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে।
নিহতের স্বজন ও পুলিশ জানায়, ঈদের সময় শিশু তাসমিয়া তার চাচী রেশমার বাবার বাড়ি লোহগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে বেড়াতে আসেন। গত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তাসমিয়া তার চাচি রেশমা ও অন্যান্যদের সাথে মিনি কক্সবাজার খ্যাত দক্ষিণ লংকারচর মধুমতি নদীর চরে ঘুরতে যান। এসময় নদীতে গোসলে নেমে তাসমিয়া নিখোঁজ হন। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাকে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টার্স২৪/মিতু