আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এবার উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে হামলার হুমকি দিয়েছে দেশটি, যা সংঘাতকে আরও বিস্তৃত করার আশঙ্কা তৈরি করেছে।
রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে,যদি যুক্তরাষ্ট্র ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার নিন্দা না জানায়, তবে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
ইরান নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছে। তাদের দাবি, সোমবার (৩০ মার্চ) তেহরান সময় দুপুর ১২টার মধ্যে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানাতে হবে। একইসঙ্গে ওইসব ক্যাম্পাসের আশপাশ থেকে অন্তত এক কিলোমিটার দূরে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস রয়েছে। এর মধ্যে টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাস রয়েছে কাতার-এ, এবং নিউইয়র্ক বিশ্ববিদ্যেেয়ের ক্যাম্পাস রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে। এছাড়াও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে আরও কয়েকটি মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে।
এর আগে ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলায় তাদের অন্তত দুটি বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে রাজধানী তেহরান-এর উত্তর-পূর্বাঞ্চলের একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনাও উল্লেখ করা হয়। যদিও এতে প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে, যুদ্ধ শুরুর পর থেকেই উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের মিনাব শহরের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহতের ঘটনাও আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলার হুমকি বাস্তবায়িত হলে তা শুধু সামরিক সংঘাত নয়, বরং আন্তর্জাতিক শিক্ষা ও কূটনৈতিক সম্পর্কেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এনডিটিভি
রিপোর্টার্স২৪/এসসি