নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলায় তেল না পেয়ে মের্সাস তানভীর পেট্রোল পাম্পের ম্যানেজারের সঙ্গে ট্রাক চালকের বাকবিতণ্ডার পর ম্যানেজার নাহিদকে (৩০) ট্রাক চাপা দেয় চালক।
এ ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক সুজাত মোল্যাকে (৫০) যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। গ্রেপ্তার ট্রাক চালক সুজাত মোল্যা সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মো. তহিদুর মোল্যার ছেলে।
রবিবার (২৯ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব- ৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স।
এর আগে শনিবার (২৮ মার্চ) মধ্য রাতে যশোর নড়াইল মহাসড়কের তুলারামপুর এলাকায় তানভীর পেট্রোল পাম্পের কাছে ট্রাক চাপায় নিহত হয় তেল পাম্পের ম্যানেজার নাহিদ সর্দার। এ ঘটনায় তার বন্ধু জিহাদুল ইসলামের (২৯) অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নাহিদের চাচা ও মের্সাস তানভীর পেট্রোল পাম্পের মালিক মো. রবিউল ইসলাম ট্রাক চালক সুজাত মোল্যাকে অভিযুক্ত করে রবিবার দুপরে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত নাহিদ সর্দার নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সর্দারের ছেলে। তার বন্ধু আহত জিহাদুল ইসলাম একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।
পাম্পের কর্মচারীরা জানান, গত রাতে সুজাত নামের এক ট্রাক চালক তেল নিতে সদরের নিতে আসেন। এসময় তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পের ম্যানেজারের সাথে ট্রাক চালকের বাকবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ট্রাক চালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকিও দেয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাকবিতন্ডার পর ট্রাক চালক পাম্পেই অবস্থান করেন। রাতে পাম্পের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দ্যেশে মোটরসাইকেলে বন্ধু জিহাদুলকে নিয়ে পাম্প থেকে বের হন ম্যানেজার নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তাদের পেছনে ধাওয়া করে ট্রাকটিকে। ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। তার বন্ধু জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসাপাতালে নিয়ে আসলে সেখান থেকে ঢাকা মেডিকেল পাঠানো হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকান্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মী ও এলাকাবাসীরা।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট সহ বিভিন্ন সংস্থা নিজস্ব প্রক্রিয়ায় হত্যার প্রকৃত কারন অনুসন্ধানে কাজ শুরু করে। রবিবার দুপুরে ঘাতক ট্রাকটিকে যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করে নাভারন হাইওয়ে থানা পুলিশ।
অভিযুক্ত ট্রাক চালককে একই দিন বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
রিপোর্টার্স২৪/মিতু