আন্তর্জাতিক ডেস্ক: রোববার ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে পাকিস্তান, তুরস্ক, মিশর ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সংঘাত নিরসন ও হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা।
সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সুয়েজ নদের মতন ফি কাঠামোর মাধ্যমে পরিচালনার প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়েছে। তুরস্ক, মিশর ও সৌদি আরব একটি যৌথ কনসোর্টিয়াম গঠন করে তেল প্রবাহের কার্যক্রম পরিচালনার প্রস্তাব দিয়েছে এবং পাকিস্তানকেও এতে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
পাকিস্তান তার কূটনৈতিক অবস্থানকে কাজে লাগিয়ে তেহরান ও ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে। পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের সহ-রাষ্ট্রপতি জেডি ভ্যান্সের সঙ্গে যোগাযোগ রাখছেন।
একই দিনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার আলাদা বৈঠকে তুরস্ক ও মিশরের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে একান্ত আলোচনায় অংশগ্রহণ করেন। তিনি এই আলোচনায় কূটনৈতিক সংলাপ ও ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দেন।
এছাড়া বৈঠকের সময় জানা গেছে, ইরান পাকিস্তানকে হরমুজ প্রণালি দিয়ে আরও ২০টি পাকিস্তানি পতাকার জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে। প্রতিদিন দু’টি করে জাহাজ চলাচল করবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপকে অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য গঠনমূলক হিসেবে বর্ণনা করেছেন।
রিপোর্টার্স২৪/এসসি