স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে যুদ্ধকবলিত এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নিহতদের মধ্যে দুইজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে এবং বাকিদের মরদেহ দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এছাড়া ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে জটিল পরিস্থিতি বিরাজ করছে। কখন কোথায় সংঘাত ছড়িয়ে পড়ছে, তা অনেক সময় প্রবাসী বাংলাদেশিরা বুঝে ওঠার আগেই বিপদে পড়ছেন। আমরা ইতোমধ্যে ১৮৬ জনকে তেহরান থেকে নিরাপদে ফিরিয়ে এনেছি।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে সংসদকে আশ্বস্ত করে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে জ্বালানির কোনো সংকট নেই। মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির বিষয়ে সরকার কাজ করছে।
তিনি জানান, এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় করে একাধিক বৈঠক করেছেন সরকারপ্রধান। খুব শিগগিরই বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানিতে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
রিপোর্টার্স২৪/এসসি