নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজ দুই শিশুর মধ্যে আরেক শিশু আরিয়া (৭)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুইদিন পর সোমবার বেলা ১২টার দিকে একই উপজেলার পারবিষ্ণুপুর এলাকায় নবগঙ্গা নদীর তীর থেকে ওই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয়রা জানান, গত শনিবার (২৮ মার্চ) সকালে একই উপজেলার মহিষখোলা গ্রামের চিত্রা নদীর পাড়ে খেলছিল প্রতিবেশী দুই শিশু রাফিয়া (৬) ও আরিয়া (৭)। বেলা ১১টার দিকে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওইদিন বিকেল ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাদবপুর এলাকায় চিত্রা নদী থেকে উদ্ধার হয় রাফিয়ার মরদেহ।
তবে গত দুইদিন ধরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্বজনরা চেষ্টা করেও আরিয়াকে খুঁজে পাচ্ছিল না। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিনভর অভিযান চালালেও তার সন্ধান মেলেনি। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে পরিবারের সম্মতিতে উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।
এর একদিন পর সোমবার বেলা ১১টার দিকে একই উপজেলার বলগেট মালিক আশিক শেখ পারবিষ্ণুপুরে নোঙর করে রাখা কয়েকটি বালুবাহী বলগেটের মাঝখানে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা আরিয়ার স্বজনদের খবর দিলে বেলা ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত আরিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামের আব্দুল্লাহ শেখের মেয়ে। আর নিহত রাফিয়া একই গ্রামের মো. এনায়েত শেখের মেয়ে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, নবগঙ্গা নদীর তীর থেকে নিখোঁজ শিশু আরিয়ার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন