চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বেলতলী এলাকায় হযরত শাহ সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ১০৭তম লেংটার ওরশ উপলক্ষে মেলাস্থলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মেলায় মাদক সেবন ও জুয়ার অর্থ ভাগাভাগি নিয়ে কয়েকজনের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেশীয় অস্ত্রের আঘাতে মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়া গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
মাজারে সংঘর্ষ ও খাদেমকে জখমের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেয়।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, খাদেমের ওপর হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওরশ উপলক্ষে আয়োজিত মেলায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে বলে জানা গেছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
রিপোর্টার্স২৪/বাবি