ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরান যুদ্ধ বন্ধে এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যৌথভাবে ‘পাঁচ দফা শান্তি প্রস্তাব’ ঘোষণা করেছে চীন ও পাকিস্তান। মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই প্রস্তাবনা পেশ করা হয়।
পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের জোরালো কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই সফরের আয়োজন করা হয়। সংঘাত পঞ্চম সপ্তাহে গড়ালেও যুদ্ধ থামার কোনো লক্ষণ না থাকায় বেইজিংয়ের সমর্থন আদায়ে সচেষ্ট হয়েছে ইসলামাবাদ।
বেইজিংয়ে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার পারস্য উপসাগর ও ইরানে শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেন।
১. মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে এবং সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।২. ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত শান্তি আলোচনা শুরু করতে হবে। এ ধরনের উদ্যোগে সব পক্ষকে সমর্থন জানাবে চীন ও পাকিস্তান।৩. বেসামরিক নাগরিক এবং সামরিক নয়—এমন স্থাপনা বা লক্ষ্যবস্তুতে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।৪. হরমুজ প্রণালিতে নৌ-চলাচল নিরাপদ রাখতে হবে, যাতে আন্তর্জাতিক জ্বালানি ও বাণিজ্য সরবরাহে বিঘ্ন না ঘটে।৫. জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি বিস্তৃত ও টেকসই শান্তি কাঠামো গড়ে তুলতে হবে।
চীন ও পাকিস্তানের এই যৌথ উদ্যোগকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালিকে ঘিরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে এই প্রস্তাব নতুন তাৎপর্য তৈরি করেছে।
সূত্র: আল জাজিরা/ডন
রিপোর্টার্স২৪/এন এইচ