প্রিন্ট এর তারিখঃ | বঙ্গাব্দ || প্রকাশের তারিখঃ 01-04-2026 ইং
সংবাদ শিরোনামঃ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য আটক ও মাদকদ্রব্য বহনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অন্যান্য মালামাল মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে বলে রাতে এক প্রেস নোটে বিজিবি জানিয়েছে।
মঙ্গলবার সারাদিন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের বিজিবি জওয়ানরা এই বিপুল পরিমাণ অবৈধ মালামাল আটক করেছেন বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান।
মাদকদ্রব্য বহনের দায়ে আটক দু’জন হচ্ছেন, যশোর জেলার ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামের শামসুর রহমানের ছেলে মিলন বাদশা (৪০) এবং বেনাপোলের পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের বাবর আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৩)।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৩ হাজার ৯৭৩ পিস ইয়াবা ট্যাবলেট, দুই কেজি গাঁজা, ১৪২টি শাড়ি, তিন কেজি জিরা, দুটি মোবাইল ফোন, ছয় কেজি কিসমিস, ৫ হাজার ৭২৯টি খাদ্যসামগ্রী, নগদ ৯ হাজার ৬১০ টাকা, ১২ হাজার ১২টি বিভিন্ন ব্র্যান্ডের চকলেট এবং ৬ হাজার ৬৫৭টি কসমেটিকস সামগ্রী। আটককৃত মালামালের বাজার মূল্য ৫৩ লাখ ৮৪ হাজার ৩১০ টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারচক্র আটকের জন্য সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর সীমান্ত থেকে এই অবৈধ মালামাল আটক করা হয়েছে। আটককৃতদেরকে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দিয়ে সোপর্দ করা হয়েছে।