রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। বিভিন্ন এলাকায় হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।
সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর সহায়তায় ল্যাবরেটরিতে পরীক্ষা করা ৩৩টি নমুনার মধ্যে ১৫ জনের মৃত্যু সরাসরি হামের সংক্রমণের সঙ্গে সম্পর্কিত পাওয়া গেছে। এসব মৃত্যুর ঘটনা বেশি হওয়ায় রাজশাহী অঞ্চলে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, হু হু করে বাড়ছে হামের রোগীর সংখ্যা, যা স্বাস্থ্য ব্যবস্থার অবকাঠামো ও জনবলকে চাপের মুখে ফেলেছে। বিশেষ করে যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি বা নির্ধারিত ডোজ সম্পন্ন করেনি, তাদের মধ্যে সংক্রমণ ও জটিলতার ঝুঁকি বেশি দেখা যাচ্ছে। অপুষ্টিতে ভোগা শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরও গুরুতর।
স্বাস্থ্য সচিবের বক্তব্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হামের বিরুদ্ধে তৎপর ব্যবস্থা ও টিকাদান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যায় এবং মৃত্যু রোধ করা সম্ভব হয়।
রিপোর্টার্স২৪/ঝুম