শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) সকালে শ্রীবরদী পৌর শহরের তাতীহাটি নয়াপাড়া এলাকার ঢালিবাড়ি মোড়ে ফেলে যাওয়া ট্রাংক থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে একটি পিকআপ ভ্যান থেকে কে বা কারা একটি তালাবদ্ধ ট্রাংক নামিয়ে রেখে চলে যায়। এ ট্রাংক নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হলে হাজারও মানুষ জমায়েত হয় এবং দুর্গন্ধ পাওয়া যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাংকের তালা ভেঙে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। লাশটি অর্ধগলিত হওয়ায় চেহারা বুঝা যাচ্ছে না।
ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই ওই নারীকে হত্যা করে লাশটি ট্রাংকে ভরে রাখা হয়েছিল। লাশটি বিছানার তোশক ও প্লাস্টিকের বস্তা দিয়ে মোড়ানো অবস্থায় ট্রাংকের ভেতরে রাখা ছিলো। স্থানীয় বিনা বেগম জানান, সকালে একটি পিকআপ ভ্যান থেকে কয়েকজন ব্যক্তি ট্রাংকটি এখানে নামায়। তাদের জিজ্ঞেস করলে বলে,পরে এসে ট্রাংক নিয়ে যাবো।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু