রাঙ্গামাটি প্রতিনিধি: সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটিতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে ৪১ হাজার গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের সাপছড়ি যৌথ খামার এলাকায় চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সড়ক ও জনপথ বিভাগের রাঙ্গামাটি সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল।
উদ্বোধন শেষে তিনি বলেন, চলতি বছরে এক হাজার চারা রোপণ করা হবে। পরবর্তী চার বছরে প্রতি বছর ১০ হাজার করে মোট ৪০ হাজার চারা রোপণ করা হবে। রোপণের পাশাপাশি দুই বছর পর্যন্ত চারাগুলোর পরিচর্যার ব্যবস্থা নেওয়া হবে। ফলদ, বনজ ও পরিবেশবান্ধব গাছ রোপণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, জেলার সদর, কাউখালী, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার সড়কের দুই পাশ এবং অফিস কম্পাউন্ডের খালি জায়গায় এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এতে সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে পর্যটন সম্ভাবনাও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
কর্মসূচির আওতায় জারুল, পলাশ, সোনালু, কাঞ্চন, নিম, আমলকি, বকুল, জলপাই, বহেড়া, হরিতকি, ছাতিমসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সওজের ঊর্ধ্বতন কর্মকর্তারা, উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী, রনেল চাকমা এবং সহকারী প্রকৌশলী রেনুকা তঞ্চঙ্গাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন