ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ২৪ ঘণ্টায় অন্তত ২৩টি হামলার ঘটনা ঘটেছে। ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ‘সারায়া আওলিয়া আল-দাম’ এই ব্যাপক হামলার দায় স্বীকার করেছে। নিজেদের ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’-এর অংশ হিসেবে পরিচয় দেওয়া গোষ্ঠীটি জানিয়েছে, গত একদিনে তারা ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অন্তত পাঁচটি হামলা চালিয়েছে।এছাড়া ইরাকের ভেতরে এবং অঞ্চলজুড়ে থাকা অন্যান্য মার্কিন ঘাঁটিগুলোতে আরও ১৮টি অভিযান পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে মোট ২৩টি হামলায় কয়েক ডজন ড্রোন ব্যবহার করা হয়েছে বলে গোষ্ঠীটি তাদের বিবৃতিতে দাবি করেছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন সামরিক উপস্থিতিকে লক্ষ্যবস্তু করার এই প্রবণতা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সশস্ত্র গোষ্ঠীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন বাহিনীর ওপর চাপ সৃষ্টি করতেই তারা এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করছে।
বিশেষ করে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে তারা উন্নত প্রযুক্তির ড্রোন মোতায়েন করেছে, যা মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এই হামলার ফলে মার্কিন ঘাঁটিগুলোর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে পেন্টাগনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
রিপোর্টার্স২৪/এন এইচ