রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের চার জেলায় হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা টাঙ্গাইল, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও ময়মনসিংহ থেকে। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাচ্ছেন, আক্রান্তদের মধ্যে অনেকের নিয়মিত টিকা নেওয়া হয়নি।
কুষ্টিয়া: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত আফরান নামের আট মাস বয়সী শিশুর মৃত্যু হয়। সদর উপজেলার ভাদালিয়া এলাকার শিশুটি আট দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পরামর্শ দেওয়া হলেও পরিবারের আর্থিক সংকটের কারণে তা সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার ভোরে শিশুটি মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ: আড়াই বছরের মাসুদা খাতুন নামে এক শিশু হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে আনার পথে মারা যায়। জেলা হাসপাতালে বর্তমানে ৩৪৯ জন আক্রান্ত, ভর্তি আছেন ৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জন ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। চিকিৎসকরা জানাচ্ছেন, জেলায় হাম পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
ময়মনসিংহ: স্থানীয় চিকিৎসকদের মতে, সময়মতো টিকা না নেওয়া এবং গ্রামীণ এলাকায় সচেতনতার অভাবে শিশুদের হাম ও অন্যান্য সংক্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। সম্প্রতি এক শিশুর মৃত্যু এ জেলায় ঘটেছে।
টাঙ্গাইল: টাঙ্গাইলে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়, পাশাপাশি বেশ কিছু শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশ নিয়মিত টিকা নেয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও সংক্রমণ রোধে আক্রান্ত এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। শিশুদের জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সরকার আগামী রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে। শুরুতে বেশি সংক্রমিত এলাকায় টিকা প্রদান করা হবে। টিকা পাবেন ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা।
রিপোর্টার্স২৪/ঝুম