রিপোর্টার্স২৪ ডেস্ক: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বাসটি উপজেলার নলকা এলাকায় পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। তিনি জানান, বাসটি যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের আইল্যান্ড (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করার প্রয়াস চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম