আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আকাশসীমায় বিধ্বস্ত একটি মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারে চালানো অভিযানের সময় একটি হেলিকপ্টার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। ইরানের মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা।
মেহেরের প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ পাইলট ও ক্রুদের সন্ধানে নিয়োজিত একটি মার্কিন হেলিকপ্টারকে লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর আগে থেকেই ওই এলাকায় যুক্তরাষ্ট্র ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছিল।
হামলার পর হেলিকপ্টারটির ক্ষয়ক্ষতি কিংবা আরোহীদের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় এখনো পেন্টাগন বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
এদিকে, ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে দিনভর অভিযান চালায় মার্কিন বাহিনী। এ অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহারের তথ্যও জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত উদ্ধার অভিযান সফল হয়নি।
তেহরানের দাবি, শুক্রবার তাদের বাহিনী একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যা এফ-৩৫ মডেলের। যদিও মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ভিডিও ও ছবির বিশ্লেষণে ধারণা দিয়েছে, বিধ্বস্ত বিমানটি সম্ভবত এফ-১৫ মডেলের।
এ ঘটনায় নিখোঁজ পাইলটের সন্ধানে মার্কিন অভিযান অব্যাহত রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।