স্টাফ রিপোর্টার: দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি ও বেসরকারি কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ব্রিফিংয়ে বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সন্ধ্যা ৬টার পর দেশের অধিকাংশ দোকানপাট, মার্কেট ও শপিংমল বন্ধ রাখতে হবে। তবে কাঁচাবাজার, ওষুধের দোকান, খাবারের দোকানসহ জরুরি সেবাখাত এই নির্দেশনার বাইরে থাকবে। এসব নির্দেশনা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় তদারকি করবে।
এছাড়া সরকারি ও বেসরকারি অফিসের সময় এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন চালাবে, তবে আনুষঙ্গিক কার্যক্রম শেষে বিকেল ৪টায় বন্ধ হবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বিশেষ পরিস্থিতিতে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যানজট এড়ানো এবং সময় সাশ্রয়ের জন্য সেখানে বৈঠকের আয়োজন করা হয়।
সরকার মনে করছে, এই পদক্ষেপের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।
রিপোর্টার্স২৪/বাবি