আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার (৩১ মার্চ) ও বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরের ঘটনায় তাকে হামলা করা হয়। ঘটনার পরপরই অভিযুক্ত রোলবার্ট জোয়াচিনকে গ্রেপ্তার করেছে ফোর্ট মায়ার্স পুলিশ। বর্তমানে তিনি লি কাউন্টি জেলে আছেন।
নিহত নীলুফার ইয়াসমিন স্থানীয় একটি বাংলাদেশি মালিকানাধীন গ্যাস স্টেশনের ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন। তাঁর বয়স ৪৮ বছর। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তাঁর দুই কন্যাসন্তান রয়েছে।
দোকানের ম্যানেজার ও সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ শিপু জানান, তিন মাস আগে নীলুফার ওই দোকানে চাকরি শুরু করেন। দোকানের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ৩১ মার্চ সকালে অভিযুক্ত ব্যক্তি এটিএম থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে ক্যাশিয়ারের কাছে অর্থ দাবি করেন। জবাবে নীলুফার জানান, ভুল পিন নম্বর দেওয়ার কারণে টাকা ওঠেনি এবং তিনি টাকা দিতে পারবেন না।
পরে ২ এপ্রিল ভোরে তিনি ফের দোকানে আসেন। ফজরের নামাজ শেষে নীলুফার গাড়ি ভাঙার শব্দ শুনে বাইরে এলে অভিযুক্ত ব্যক্তি তাঁর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট ও ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসেস ঘটনাস্থলে পৌঁছে নীলুফারকে হাসপাতালে নেয়। সেখানে সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। তার মানসিক সমস্যা ও গৃহহীন অবস্থার কথাও জানা গেছে।
রিপোর্টার্স২৪/বাবি