আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ট্রাম্পের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র ও ইরানে সামরিক চাপ প্রয়োগের কট্টর সমর্থক হিসেবে পরিচিত গ্রাহাম বলেছেন, ইরান যদি জলপথটি বন্ধ রাখা অব্যাহত রাখে, তাহলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে তিনি।
এক্সে দেওয়া এক পোস্টে গ্রাহাম বলেন, ট্রাম্পের সঙ্গে কথা বলার পর তিনি নিশ্চিত হয়েছেন যে ইরান যদি হরমুজ প্রণালিতে বাধা সৃষ্টি করতে থাকে এবং যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্য পূরণে কূটনৈতিক সমাধান প্রত্যাখ্যান করে, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প এই শাসনের বিরুদ্ধে চরম সামরিক শক্তি প্রয়োগ করবেন। তার ভাষায়, ট্রাম্প যা বলেন, তা বাস্তবায়ন করেন—এটি ইরানসহ অন্যদের এখনই বুঝে নেওয়া উচিত।
এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আলটিমেটাম দেন। তিনি এর আগের ১০ দিনের সময়সীমার কথাও স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে ইরানের ওপর “নরক” নেমে আসবে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। এই জলপথ দিয়ে বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় এক-তৃতীয়াংশ পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর কয়েক সপ্তাহ ধরে ওই পথ বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ট্রাম্পের সর্বশেষ হুমকি ও গ্রাহামের প্রকাশ্য সমর্থন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে মনে করা হচ্ছে। পেন্টাগন সূত্রের বরাতে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার পর ইরান সরে না দাঁড়ালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বড় ধরনের পদক্ষেপ নিতে পারে।