স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, মহান স্বাধীনতার ঘোষণার আগে জিয়াউর রহমান ‘অন বিহাফ অব শেখ মুজিবুর রহমান’—এই ভাষ্য ব্যবহার করে ঘোষণা দিয়েছিলেন, যা অস্বীকার করার সুযোগ নেই।
রোববার (৫ এপ্রিল) সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণাকে ঘিরে দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলছে, তা ইতিহাসের সত্যতার পরিপন্থী। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই দেশের স্বাধীনতা আন্দোলন পরিচালিত হয়েছে। ২৫ মার্চ দিবাগত রাতে (২৬ মার্চ) স্বাধীনতার প্রথম বার্তা প্রচার করা হয়, যা দিকভ্রান্ত জাতিকে পথ দেখায়। পরবর্তীতে ২৭ মার্চ আবার জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।
তিনি আরও বলেন, সঠিক ইতিহাস তুলে ধরা রাষ্ট্রের দায়িত্ব এবং নতুন প্রজন্মকে সত্য তথ্য জানাতে সরকার বদ্ধপরিকর। রাজনৈতিক স্বার্থে ইতিহাস বিকৃত না করারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।