ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় চলতি পাট ও ইরি ধান মৌসুমে জমিতে সেচ দেওয়ার জন্য কৃষকদের ডিজেল সংগ্রহে এলাকাভিত্তিক চারটি ফিলিং স্টেশন নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
নির্ধারিত এসব ফিলিং স্টেশন থেকে নগরকান্দা পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি গ্রামের সেচ পাম্প ও পাওয়ার টিলার মালিক এবং কৃষকরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। এতে কৃষকদের ভোগান্তি অনেকটা কমবে বলে আশা করছে স্থানীয় প্রশাসন। রোববার (৫ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
নির্ধারিত চারটি ফিলিং স্টেশন হলো—উপজেলার জয়বাংলা মোড়ে মেসার্স মুন্সি ফিলিং স্টেশন, উপজেলা সদরের মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশন, তালমা মোড়ের মেসার্স মজিদ ফিলিং স্টেশন এবং মহিলা রোডের মেসার্স তোফাজ্জউদ্দীন ফিলিং স্টেশন।
ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জয়বাংলা মোড়ের মেসার্স মুন্সি ফিলিং স্টেশন থেকে চরযশোরদী, পুরাপাড়া ও কাইচাইল ইউনিয়নের কৃষকরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।
উপজেলা সদরের মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশন থেকে নগরকান্দা পৌরসভা, কোদালিয়া শহীদনগর ও ফুলসুতি ইউনিয়নের কৃষকরা তেল সংগ্রহ করবেন।
তালমা মোড়ের মেসার্স মজিদ ফিলিং স্টেশন থেকে লস্করদিয়া ও তালমা ইউনিয়নের কৃষকরা তেল পাবেন এবং মহিলা রোডের মেসার্স তোফাজ্জউদ্দ্দীন ফিলিং স্টেশন থেকে রামনগর ও ডাঙ্গী ইউনিয়নের কৃষকরা তেল নেবেন।
এসব ফিলিং স্টেশন ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক ও ফরিদপুর-জয়বাংলা আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত হওয়ায় কৃষকদের জন্য জ্বালানি তেল সংগ্রহ সহজ হবে।
ইউএনও আরও জানান, কৃষকদের সুবিধার্থে এই তালিকা প্রতিটি ফিলিং স্টেশনের দৃশ্যমান স্থানে বড় আকারে ব্যানার আকারে টানানো হবে। পাশাপাশি তেল সংগ্রহের সময় ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে বাঁশের লাইন তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি নির্ধারিত ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। তারা তেলের মজুত ও কৃষকদের চাহিদা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।
রিপোর্টার্স২৪/এসএন