বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। অই অভিযোগের সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার (৬ এপ্রিল) সকালে শার্শা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষের সঙ্গে জনপ্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ট্যাংরালী সড়ক নির্মাণে নকশা অনুযায়ী কাজ হয়নি সেই সঙ্গে ভুয়া ভাউচার ও আংশিক কাজ করে জনপ্রতিনিধিদের দিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেয়া হয়। এতে টেন্ডার অসম্পূর্ণ থেকে যায়।
এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে একই ব্যক্তির মাধ্যমে একাধিক প্রকল্প বাস্তবায়ন, অনিয়মের পক্ষে ছবি, ভিডিও ফুটেজ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাক্ষ্যসহ প্রমাণ রয়েছে।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ জানান, গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও ইতোমধ্যে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত ।অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হচ্ছে।
মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বলেন, আমরা দীর্ঘদিন ধরে শার্শা উপজেলার পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দেখে আসছি। জেলার ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন ওই কর্মকর্তার মোবাইলে ফোন করলে তিনি তাকেও হুমকি দেন এবং তার অডিও রেকর্ড ফেসবুকে পোস্ট করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযুক্ত কর্মকর্তার প্রত্যাহার,নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধে কঠোর তদারকি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
রিপোর্টার্স২৪/এফকে/ধ্রুব