স্পোর্টস ডেস্ক: সিনিয়র নারী এশিয়া কাপের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপেও তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের পাশাপাশি তিন গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় স্থানধারী দল যাবে কোয়ার্টার ফাইনালে। এ হিসাবের মধ্যে বাংলাদেশ ‘এ’ গ্রুপে দুই ম্যাচ শেষে তৃতীয় স্থানে রয়েছে।
বাংলাদেশের গ্রুপে ভিয়েতনামও দুই ম্যাচে কোনো পয়েন্ট পায়নি। থাইল্যান্ড ও চীনের বিপক্ষে দুটি ম্যাচে সাত গোল হজম করে এক গোল দিয়েছে তারা। ফলে ভিয়েতনামের গোল ব্যবধান দাঁড়িয়েছে মাইনাস ৬। অন্যদিকে বাংলাদেশ দুই ম্যাচে পাঁচ গোল হজমের বিপরীতে দুটি গোল দিয়েছে, গোল ব্যবধান মাইনাস ৩।
থাইল্যান্ডে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল ৬টায় ভিয়েতনামের মুখোমুখি হবেন আফিদারা। এই ম্যাচ ড্র হলেই গ্রুপে বাংলাদেশের তৃতীয় স্থান নিশ্চিত হবে। শুধু তাই নয়, বাংলাদেশ নিজেদের গ্রুপের পাশাপাশি বি ও সি গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলগুলোর চেয়েও গোল ব্যবধানে এগিয়ে আছে।
বি গ্রুপে উজবেকিস্তানের গোল ব্যবধান মাইনাস ৮ এবং চাইনিজ তাইপের মাইনাস ৭। বাংলাদেশ-ভিয়েতনাম ম্যাচ ড্র হলে বি এবং সি গ্রুপে চাইনিজ তাইপে-ভারত কিংবা উজবেকিস্তান-জর্ডান ম্যাচের একটি ড্র হলেই বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে। আর ভিয়েতনামকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিতই বলা যায়।
বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে মিলবে বিশ্বকাপের টিকিটও। চলতি বছরের সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠিত হবে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ, যেখানে এশিয়ার চারটি দেশ খেলার সুযোগ পাবে। এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের চার সেমিফাইনালিস্টই বিশ্বকাপে অংশ নেবে। তাই কোয়ার্টার ফাইনালে জিততে পারলে বাংলাদেশ প্রথমবারের মতো কোনো ফিফা আসরে খেলার কৃতিত্ব অর্জন করবে।
এর আগে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। বিশেষ করে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে ০-৪ গোলে হেরে কোয়ার্টার ফাইনালের সুযোগ হাতছাড়া হয়েছিল। এখন ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি তাই বাংলাদেশের জন্য নতুন করে ইতিহাস গড়ার বড় সুযোগ।
রিপোর্টার্স২৪/বাবি