স্টাফ রিপোর্টার: ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যে মঙ্গলবার (৭ এপ্রিল) পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রমসহ নানা আয়োজন করেছে। আজ সকাল সাড়ে ১০টায় শাহবাগের আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করেছে মন্ত্রণালয়। এতে সভাপতিত্ব করবেন স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জ্জমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
১৯৪৮ সালের ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাংগঠনিক আইন কার্যকর হওয়ার দিনটিকেই বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছর একটি নির্দিষ্ট স্বাস্থ্য বিষয়কে গুরুত্ব দিয়ে বিশ্বজুড়ে দিবসটি উদযাপন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ৭ থেকে ১৩ এপ্রিল ‘সেবা সপ্তাহ’ পালন করছে। এ সময় বিভিন্ন চিকিৎসাসেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯টায় মিরপুরে ফাউন্ডেশনের অডিটোরিয়ামে ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।