সিনিয়র রিপোর্টার: রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে দুই দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতে হাজির করে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহসিন উদ্দিন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে বেলা ১টা ৫৫ মিনিটে তাকে পুরান ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় এবং বর্তমানে আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় চলমান আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলাকারীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তি চোখে গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১১৫-১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক শীর্ষ নেতা আত্মগোপনে চলে যান। ওই সময় কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গ্রেপ্তার হলেও ড. শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে আসেননি। এমনকি গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।
রিপোর্টার্স২৪/এসসি